
কক্সবাজার-০২ (মহেশখালী-কুতুবদিয়া) আসনের সাবেক সংসদ সদস্য আশেক উল্লাহ রফিকের মালিকানাধীন ‘গোল্ডেন হ্যাচারী’ সহ তিনটি প্রতিষ্ঠানের বিরুদ্ধে আনুষ্ঠানিক তদন্ত শুরু করেছে সরকারের মৎস্য অধিদপ্তর।
অভিযুক্ত অপর দুটি প্রতিষ্ঠান হলো— ‘এম কে হ্যাচারী’ ও ‘মেরিগোল্ড হ্যাচারী’। এই তিনটি হ্যাচারির বিরুদ্ধেই সরকারি অর্থের ব্যাপক অপব্যবহার, মৎস্য বিভাগের অনুমোদন ছাড়াই নিষিদ্ধ ভেনামি চিংড়ি পোনা উৎপাদন ও বাজারজাতকরণ এবং অবৈধভাবে ব্রড (মা) চিংড়ি আমদানির গুরুতর অভিযোগ আনা হয়েছে।
তদন্ত সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, এই অনিয়মের সাথে মৎস্য অধিদপ্তরের অসাধু কর্মকর্তাদের যোগসাজসের অভিযোগও খতিয়ে দেখা হচ্ছে।
মৎস্য অধিদপ্তরের উপ-পরিচালক (রেসিডিউ মনিটরিং এন্ড এলার্ট রেসপন্স) সরকার মুহাম্মদ রফিকুল আলমের নেতৃত্বে গঠিত ৩ সদস্যের একটি উচ্চ পর্যায়ের তদন্ত দল বুধবার (১৮ নভেম্বর) থেকে তাদের কার্যক্রম শুরু করেছেন।
কক্সবাজার শহরের কলাতলী এলাকার বাসিন্দা আবদুল আজিজ নামের এক ব্যক্তির লিখিত অভিযোগের ভিত্তিতে মৎস্য অধিদপ্তর এই তদন্ত কমিটি গঠন করে। কমিটি বুধবার ও বৃহস্পতিবার দুই দিনব্যাপী সংশ্লিষ্ট হ্যাচারিগুলো সরেজমিনে পরিদর্শন এবং অভিযোগকারী ও স্থানীয় সাক্ষীদের সাথে কথা বলবেন।
তদন্ত কার্যক্রম
সূত্র আরও জানায়, বুধবার (১৮ নভেম্বর) সকাল থেকে দুপুর পর্যন্ত তদন্ত দল অভিযোগকারিদের বক্তব্য মনোযোগ দিয়ে শোনেন। পরে তারা উখিয়ার সোনার পাড়ায় অবস্থিত এম কে হ্যাচারী পরিদর্শনে যান। এই হ্যাচারিটির মালিক বিমান বাহিনীর সাবেক কর্মকর্তা মঈন উদ্দিন আহমেদ।
তদন্তের দ্বিতীয় দিন অর্থাৎ আগামীকাল বৃহস্পতিবার (১৯ নভেম্বর) একই এলাকার গোল্ডেন হ্যাচারী ও মেরিগোল্ড হ্যাচারীতে তদন্ত কার্যক্রম পরিচালনা করবে দলটি।
আলোচিত গোল্ডেন হ্যাচারীর মালিক আওয়ামী লীগ দলীয় সাবেক সংসদ সদস্য আশেক উল্লাহ রফিক এবং মেরিগোল্ড হ্যাচারীর মালিক চট্টগ্রামের আনোয়ারা উপজেলা আওয়ামী লীগের অর্থ সম্পাদক শহিদুল ইসলাম।
এছাড়া, অপর হ্যাচারিটির (এম কে হ্যাচারী) মালিকানা মহেশখালীর বাসিন্দা জমির উদ্দিনের নামে থাকলেও বর্তমানে সোনার পাড়ার সৈয়দ নুর ও মোহাম্মদ হাশেম নামের দুই ব্যক্তি এটি ভাড়ায় নিয়ে উৎপাদন কার্যক্রম চালাচ্ছেন। অভিযোগ রয়েছে, এদের মধ্যে মোহাম্মদ হাশেম কক্সবাজার জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক শাহীনুল হক মার্শালের ঘনিষ্ঠ সহযোগী হিসেবে পরিচিত। অপর ব্যক্তি চিংড়ি পোনা উৎপাদনকারী হ্যাচারির সাবেক টেকনিশিয়ান।
সাবেক এমপির মালিকানাধীন প্রতিষ্ঠানে এমন অনিয়মের ঘটনায় স্থানীয় মৎস্য চাষিদের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে। অবৈধ ভেনামি চিংড়ি পোনা দেশের উপকূলীয় পরিবেশ ও প্রাকৃতিক চিংড়ি সম্পদের জন্য মারাত্মক ঝুঁকির কারণ হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন বিশেষজ্ঞরা। মৎস্য অধিদপ্তর জানিয়েছে, তদন্ত শেষে দোষীদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।

