দেশের চালু থাকা নয়টি রাষ্ট্রায়ত্ত চিনি কলে পর্যায়ক্রমে চলতি মৌসুমের আখ মাড়াই কার্যক্রম শুরু হতে যাচ্ছে। আগামী ১৮ ডিসেম্বরের মধ্যে নয়টি কলই পুরোদমে চালু করার ডেডলাইন বা সময়সীমা নির্ধারণ করেছে সরকার।
চিনির কম আহরণ হার (রেকভারি রেট), জরাজীর্ণ যন্ত্রপাতি এবং প্রয়োজনীয় আখের ঘাটতির মতো নানা সংকট ও টানা লোকসানের মধ্য দিয়েই চিনি কলগুলো চালুর এই প্রক্রিয়া শুরু হচ্ছে।
বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প কর্পোরেশনের (বিএসএফআইসি) চেয়ারম্যান মো. শামসুজ্জামান সুরুজ জানান, নাটোরের গোপালপুরে অবস্থিত নর্থ বেঙ্গল শুগার মিলস ইতিমধ্যে আখ মাড়াই শুরু করে দিয়েছে এবং এ পর্যন্ত প্রায় ৪০০ টন চিনি উৎপাদন করেছে।
শিল্প মন্ত্রণালয়ের ২ নভেম্বরের গেজেট প্রজ্ঞাপন অনুযায়ী, আগামী ১৩ নভেম্বর নাটোর শুগার মিলস ও রাজশাহী শুগার মিলসে মাড়াই শুরু হবে। এছাড়া জামালপুরের দেওয়ানগঞ্জে অবস্থিত জিল বাংলা শুগার মিলস ২৭ নভেম্বর এবং ঠাকুরগাঁও শুগার মিলস ৪ ডিসেম্বর উৎপাদনে যাবে।
অবশিষ্ট চারটি কারখানা— জয়পুরহাট শুগার মিলস, চুয়াডাঙ্গার দর্শনায় অবস্থিত ক্যারু অ্যান্ড কোং (বাংলাদেশ) লিমিটেড, ঝিনাইদহের নালডাঙ্গার মোবারকগঞ্জ শুগার মিলস এবং ফরিদপুরের মধুখালীর ফরিদপুর শুগার মিলস— আগামী ১৮ ডিসেম্বর থেকে আখ মাড়াই শুরু করবে। এই প্রজ্ঞাপনের মাধ্যমে ১৯৯৪ সালের আগস্টে জারি করা আগের সময়সূচি বাতিল করা হয়েছে, যা অবিলম্বে কার্যকর হবে।
বিএসএফআইসির চেয়ারম্যান আরও জানান, চিনি উৎপাদন ও মাড়াই কার্যক্রম প্রতিদিন নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে। মৌসুমের শুরুতে চিনি আহরণের হার প্রায় ৫ শতাংশ হলেও মাড়াই বাড়ার সঙ্গে সঙ্গে তা বাড়িয়ে ৬ শতাংশ বা তার বেশিতে উন্নীত করার লক্ষ্য রয়েছে।
তিনি বলেন, “চিনির আহরণ হার বাড়াতে আমরা বিশেষ পদক্ষেপ নিয়েছি। হার কম হওয়ার পেছনে কিছু কারিগরি ও অন্যান্য কারণ রয়েছে, যা খতিয়ে দেখা হচ্ছে।” পাশাপাশি মিলগুলোতে যাতে পরিচ্ছন্ন ও মানসম্মত আখ সরবরাহ নিশ্চিত হয়, সে জন্য তদারকি কর্মকর্তা নিয়োগ দেওয়া হয়েছে। কারখানাগুলোতে উন্নত জাতের আখের জাত সম্প্রসারণের আগে মধুখালী ও নাটোরে নতুন জাতের পরীক্ষণ চালানো হচ্ছে বলেও জানান তিনি।
বিএসএফআইসির আর্থিক চিত্র ও উৎপাদন ঘাটতি
বিএসএফআইসির সর্বশেষ বার্ষিক প্রতিবেদন অনুযায়ী, ২০২৪-২৫ অর্থবছরে সংস্থার সার্বিক লোকসান দাঁড়িয়েছে ৫৫৪.৩৬ কোটি টাকা, যা আগের অর্থবছরে (৫০৮.২৪ কোটি টাকা) কিছুটা কম ছিল। তবে এই লোকসানের হিসাব সংস্থার সকল প্রতিষ্ঠানের, শুধু চালু থাকা নয়টি চিনি কলের নয়।
চালু থাকা নয়টি মিলের মধ্যে একমাত্র ক্যারু অ্যান্ড কোং (বাংলাদেশ) লিমিটেড লাভে রয়েছে। অর্থ বছরে প্রতিষ্ঠানটি ৯৭.০৮ কোটি টাকা নিট মুনাফা করেছে।
প্রতিবেদনে জানানো হয়, সুদসহ প্রতি কেজি চিনি উৎপাদনে খরচ পড়েছে ২৬০.১৪ টাকা (সুদ ছাড়া ১৮১.৭৩ টাকা)। অথচ সরকারের নির্ধারণ করা খুচরা বিক্রয়মূল্য কেজিপ্রতি ১২৫ টাকা।
২০২৪-২৫ অর্থবছরে নয়টি মিলে মোট ৮ লাখ ৩৯ হাজার ২১১ টন আখ মাড়াই করে ৪৬,১৮৭ টন চিনি উৎপাদিত হয়েছে। অথচ দেশে বার্ষিক চিনির মোট চাহিদা প্রায় ২০ লাখ টন। এই সময়ে গড় চিনি আহরণের হার আগের বছরের ৫.০৭ শতাংশ থেকে সামান্য বেড়ে ৫.৫০ শতাংশে উন্নীত হয়েছে।
কর্পোরেশনের মতে, মাড়াই ক্ষমতার তুলনায় আখের পর্যাপ্ত সরবরাহের অভাব এবং পুরোনো যন্ত্রপাতি ও কারখানা জরাজীর্ণ হয়ে পড়ার কারণেই ধারাবাহিক লোকসান হচ্ছে। উল্লেখ্য, ২০২০-২১ অর্থবছর থেকে বিএসএফআইসির ১৫টি চিনি কলের মধ্যে ৬টি কলের উৎপাদন কার্যক্রম পুরোপুরি বন্ধ রয়েছে।

