দেশে গত পাঁচ অর্থবছরে রূপালী ইলিশের উৎপাদন প্রায় ২৬ শতাংশ হ্রাস পেয়েছে। ২০২১-২২ অর্থবছরে যেখানে ইলিশের উৎপাদন ছিল ৫ লাখ ৬৬ হাজার ৫ ৯৩ টন, সেখানে ২০২৫-২৬ অর্থবছরে তা কমে আনুমানিক ৪ লাখ ১৯ হাজার ৫০০ টনে দাঁড়িয়েছে।
আজ জাতীয় সংসদে এমপি মো. সামছুর রহমান শিমুল বিশ্বাসের এক প্রশ্নের জবাবে এ তথ্য জানান মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী মোহাম্মদ আমিনুর রশীদ।
মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী বলেন, ইলিশের উৎপাদন বাড়াতে সরকার ইতোমধ্যে বেশ কিছু কার্যকর পদক্ষেপ গ্রহণ করেছে। এর মধ্যে রয়েছে ৬টি অভয়াশ্রম প্রতিষ্ঠা, প্রজনন ও নিষেধাজ্ঞা চলাকালে জেলেদের খাদ্য সহায়তা প্রদান এবং বিকল্প কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি। দেশের মোট মৎস্য উৎপাদনে একক প্রজাতি হিসেবে ইলিশের অবদান সবচেয়ে বেশি—যা প্রায় ১০ শতাংশ।
জাতীয় সংসদ ভবন:
সংসদে মন্ত্রী জানান, টেকসই ইলিশ উৎপাদন নিশ্চিত করতে মেঘনা নদীর উপরিভাগ ও নিম্নভাগ, পদ্মা, কালাবদর, আন্ধারমানিক ও তেঁতুলিয়া নদীসহ অন্যান্য উপকূলীয় নদী ব্যবস্থায় মোট ছয়টি ইলিশ অভয়াশ্রম গড়ে তোলা হয়েছে।
এছাড়াও ‘ইলিশ সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা’ প্রকল্পের আওতায় নিষেধাজ্ঞা চলাকালীন জেলেদের বিকল্প আয়ের উৎস তৈরিতে ২৬,১৭৬টি জেলে পরিবারকে বাছুর (গবাদি পশু) বিতরণ করা হয়েছে। আরও ১৭,৫০০ জন ইলিশ সংগ্রহকারী জেলেকে বিভিন্ন আয়বর্ধক কাজের ওপর কারিগরি প্রশিক্ষণ দেওয়া হয়েছে। উৎপাদন বৃদ্ধিতে ভবিষ্যতে আরও নতুন কর্মসূচি হাতে নেওয়া হবে বলেও জানান তিনি।
সংরক্ষিত আসনের এমপি নাজমুন নাহারের অপর এক প্রশ্নের জবাবে মন্ত্রী গত ৫ অর্থবছরের বার্ষিক উৎপাদনের পরিসংখ্যান তুলে ধরেন। তথ্য অনুযায়ী:
২০২১-২২ অর্থবছর: ৫,৬৬,৫৯৩ টন
২০২২-২৩ অর্থবছর: ৫,৭১,৩৪২ টন (সামান্য বৃদ্ধি)
২০২৩-২৪ অর্থবছর: ৫,২৯,৪৮৭ টন
২০২৪-২৫ অর্থবছর: ৫,০২,৪৪৪ টন
২০২৫-২৬ অর্থবছর: ৪,১৯,৫০০ টন (আনুমানিক)
খুচরা মূল্য ও পাচার রোধে ব্যবস্থা:
ইলিশের খুচরা দাম বৃদ্ধির বিষয়ে মৎস্য মন্ত্রী স্পষ্ট জানান, বাজারে মাছের দাম মূলত এর সরবরাহ ও প্রাপ্যতার ওপর নির্ভর করে, যা পাইকারি বাজারের নিলামের মাধ্যমে নির্ধারিত হয়। বিদ্যমান মুক্তবাজার অর্থনীতিতে মৎস্য অধিদপ্তরের সরাসরি খুচরা মূল্য নির্ধারণের কোনো আইনি এখতিয়ার নেই। তবে উৎপাদন, সরবরাহ ও খুচরা মূল্যের মধ্যকার সামঞ্জস্য মূল্যায়নে নিয়মিত বাজার মনিটরিং করা হচ্ছে।
এছাড়া দেশ থেকে সীমান্ত পথে অবৈধভাবে ইলিশ পাচার রোধে স্থানীয় প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যৌথ অভিযান অব্যাহত রয়েছে বলে জানান তিনি।

