Saturday, 14 November, 2026

পেঁয়াজ পচন ঠেকাতে বাকৃবি গবেষকদের নতুন প্রযুক্তি উদ্ভাবন


উপযুক্ত সংরক্ষণ ব্যবস্থার অভাবে প্রতিবছর দেশের বিপুল পরিমাণ পেঁয়াজ নষ্ট হয়, যার ফলে বছরের শেষভাগে এসে বাংলাদেশকে আমদানির ওপর নির্ভর করতে হয়। এই সংকট সমাধানে ইন্টারনেটস অব থিংস (আইওটি) ও সেন্সরভিত্তিক এক অভিনব সংরক্ষণ প্রযুক্তি উদ্ভাবন করছেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) গবেষকরা।

বাকৃবির গবেষক দলটি মূলত ৫০ দিন থেকে শুরু করে দীর্ঘ মেয়াদে ৫০০ কেজি পর্যন্ত পেঁয়াজ সংরক্ষণ করতে সক্ষম—এমন একটি ড্রাম বা বিন সদৃশ আধুনিক স্টোরেজ ইউনিট তৈরি করছেন। এটি স্বয়ংক্রিয়ভাবে ড্রামের ভেতরের তাপমাত্রা ও আর্দ্রতা পর্যবেক্ষণ ও নিয়ন্ত্রণ করতে পারে। মাত্র ২৫ হাজার টাকা ব্যয়ে এই অবকাঠামোটি স্থাপন করা সম্ভব, যা অন্তত ১০ বছর ব্যবহার করা যাবে।

গবেষণা দলের প্রধান ও বাকৃবির ফার্ম পাওয়ার অ্যান্ড মেশিনারি বিভাগের অধ্যাপক ড. রোস্তম আলী জানান, বিশ্ববিদ্যায় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) অর্থায়নে ২০২৫ সালের মার্চে এই গবেষণা শুরু হয়। কম খরচে আধুনিক এ সংরক্ষণ ব্যবস্থার মূল উদ্দেশ্য হলো পেঁয়াজের গুণগত মান দীর্ঘ দিন অক্ষুণ্ণ রাখা। এতে ব্যবহৃত বিশেষ সেন্সর পরিবেশের যেকোনো পরিবর্তন শনাক্ত করে স্বয়ংক্রিয়ভাবে ফ্যানের গতিপথ ও বাতাস চলাচল নিয়ন্ত্রণ করতে পারবে। সামান্য বিদ্যুৎ খরচে চলবে এটি, আর কৃষক পর্যায়ে সোলার প্যানেল ব্যবহার করা হলে পরিচালনা খরচ নেমে আসবে শূন্যের কোঠায়।

আরো পড়ুন
গাইবান্ধায় হঠাৎ শিলাবৃষ্টি ও ঝড়ো হাওয়ায় ৩৫০ হেক্টর জমির ফসল ক্ষতিগ্রস্ত, দুশ্চিন্তায় কৃষকরা

গাইবান্ধায় হঠাৎ শিলাবৃষ্টি ও দমকা হাওয়ায় মাঠে থাকা আধাপাকা আমন ধান ও শীতকালীন আগাম সবজির ব্যাপক ক্ষতি হয়েছে। জেলার বিভিন্ন Read more

পাটজাত বহুমুখী পণ্যের রপ্তানি বাড়াতে এসএমই উদ্যোক্তাদের সঙ্গে কাজ করবে ট্রাইসেগ
পাটপণ্যের রপ্তানি বাড়াতে এসএমই উদ্যোক্তাদের সঙ্গে কাজ করবে ট্রাইসেগ

স্বল্পোন্নত দেশের (এলডিসি) তালিকা থেকে বাংলাদেশের উত্তরণের প্রস্তুতির অংশ হিসেবে রপ্তানি বহুমুখীকরণ এখন সময়ের দাবি। বিশেষ করে নারী ও পিছিয়ে Read more

বাকৃবির গবেষক দলের উদ্ভাবন

প্রাথমিক পরীক্ষায় দেখা গেছে, এই প্রযুক্তি ব্যবহার করলে পেঁয়াজের পচন ও অপচয় প্রায় ১৫ থেকে ১৬ শতাংশ পর্যন্ত কমানো সম্ভব। গবেষকরা বর্তমানে পেঁয়াজের ওজন হ্রাস, পচন, গজানো (স্প্রাউটিং) এবং গুণগত মানের পরিবর্তন নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছেন।

প্রয়োজনীয় আর্থিক ও কারিগরি সহযোগিতা পেলে গবেষক দলটি মাঠ পর্যায়ে এটি পরীক্ষামূলকভাবে চালুর পরিকল্পনা করছে। গবেষকদের আশা, আগামী এক থেকে দুই বছরের মধ্যে কৃষক পর্যায়ে ব্যবহারের উপযোগী পূর্ণাঙ্গ মডেল তৈরি করা সম্ভব হবে।

কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের (ডিএই) তথ্য অনুযায়ী, দেশে প্রতিবছর প্রায় ৩৫ থেকে ৩৬ লাখ মেট্রিক টন চাহিদার বিপরীতে উৎপাদিত হয় প্রায় ৪২ লাখ ৬৪ হাজার মেট্রিক টন পেঁয়াজ। উৎপাদন চাহিদার চেয়ে বেশি হওয়া সত্ত্বেও উপযুক্ত সংরক্ষণের অভাবে প্রতিবছর বিপুল পেঁয়াজ নষ্ট হওয়ায় ২০২৫-২৬ অর্থবছরেও প্রায় ৮৬ হাজার মেট্রিক টন পেঁয়াজ আমদানি করতে হয়েছে। বাকৃবির এই নতুন প্রযুক্তি সফল হলে দেশীয় প্রযুক্তিতেই মিটবে পেঁয়াজ সংরক্ষণের এই দীর্ঘদিনের সংকট।

0 comments on “পেঁয়াজ পচন ঠেকাতে বাকৃবি গবেষকদের নতুন প্রযুক্তি উদ্ভাবন”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সাম্প্রতিক লেখা

আর্কাইভ