“দুই দিন আগে এগারসিন্দুর কোল্ড স্টোরেজ থেকে ১৩ টাকা কেজি দরে আলু কিনেছি। এখনো হিমাগার থেকে বের করিনি। এরই মধ্যে কেজিতে দুই টাকা দাম কমে গেছে। হিমাগার থেকে আলু বের করে গাজীপুরে নেওয়া পর্যন্ত পরিবহনসহ অন্যান্য খরচ যোগ হলে আরও লোকসান গুনতে হবে।”
গাজীপুরের শ্রীপুর থেকে আসা আলু ব্যবসায়ী আবদুল কাদিরের এই হতাশাভরা কথায় স্পষ্ট হয়ে উঠেছে দেশের আলুর বাজারের বর্তমান করুণ চিত্র। ভালো দাম পাওয়ার আশায় হিমাগারে আলু সংরক্ষণ করেও চরম বিপাকে পড়েছেন কৃষক ও ব্যবসায়ীরা। উৎপাদন, পরিবহন ও সংরক্ষণ খরচ মিলিয়ে প্রতি কেজি আলুতে খরচ পড়েছে ২৩ থেকে ২৪ টাকা। অথচ বর্তমানে হিমাগার পর্যায়ে তা বিক্রি করতে হচ্ছে মাত্র ১০ থেকে ১২ টাকায়। এতে প্রতি কেজিতে ১১ থেকে ১৪ টাকা পর্যন্ত সরাসরি লোকসান গুনতে হচ্ছে তাদের।
হিমাগারে অবিক্রীত বিপুল পরিমাণ আলু
কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলার হিমাগারগুলোতে এখনো বিপুল পরিমাণ আলু অবিক্রীত অবস্থায় পড়ে আছে। ক্রেতাসংকট ও অব্যাহত দরপতনের কারণে হিমাগার থেকে আলু বের করতেও আগ্রহ হারাচ্ছেন অনেকে। ফলে নির্ধারিত সময়ের মধ্যে এসব আলু খালাস করা নিয়ে দেখা দিয়েছে চরম অনিশ্চয়তা।
হোসেনপুর থেকে আসা আরেক আলু ব্যবসায়ী রফিকুল ইসলাম জানান, তিনি এগারসিন্দুর কোল্ড স্টোরেজে ২ হাজার ২০০ বস্তা আলু সংরক্ষণ করেছিলেন। কেনা, পরিবহন ও হিমাগার ভাড়াসহ প্রতি কেজিতে তার খরচ পড়েছে ২৩-২৪ টাকা। মৌসুমের শুরুতে বাজারদর ১৬-১৭ টাকা থাকলেও এখন তা ১০-১১ টাকায় নেমে এসেছে। এতে কেজিতে ১১-১২ টাকা লোকসান গুনতে হচ্ছে। ব্যবসায়ীরা জানান, এক বস্তায় সাধারণত ৬৫ কেজি আলু কেনা হলেও বাছাইয়ের পর বিক্রিযোগ্য থাকে প্রায় ৬০ কেজি, যা লোকসানের পাল্লা আরও ভারী করছে।
হিমাগারগুলোর বর্তমান চিত্র
সম্প্রতি পাকুন্দিয়ার পূর্বাচল হিমাগার ও এগারসিন্দুর কোল্ড স্টোরেজ ঘুরে দেখা যায়, মৌসুমের একেবারে শেষ সময়ে এসেও আলু খালাসের কোনো তাড়া বা ব্যস্ততা নেই। ভেতরে সারি সারি সাজানো রয়েছে আলুর বস্তা। বাজারে ক্রেতা না থাকায় অধিকাংশ কৃষক ও ব্যবসায়ী আলু উত্তোলনে অনাগ্রহ দেখাচ্ছেন।
হিমাগার কর্তৃপক্ষ জানায়, চলতি বছরের মার্চ-এপ্রিল মাসে সংরক্ষিত এসব আলু খালাসের নির্ধারিত সময়সীমা ১৫ নভেম্বর। কিন্তু বাজারে অতিরিক্ত সরবরাহ ও দরপতনের কারণে নির্ধারিত সময়ে সব আলু খালাস হওয়ার সম্ভাবনা খুবই কম।
পূর্বাচল হিমাগার: ব্যবস্থাপক দেলোয়ার হোসেন জানান, তাদের হিমাগারে সংরক্ষিত ৫ হাজার ৫০০ মেট্রিক টন আলুর মধ্যে ৪ হাজার মেট্রিক টন খালাস হয়েছে। অবশিষ্ট আলুর বেশিরভাগই বীজ আলু।
এগারসিন্দুর কোল্ড স্টোরেজ: ব্যবস্থাপক প্রকৌশলী মো. আলতাফ হোসেন জানান, এ বছর ১ লাখ ৩৯ হাজার ১৭৪ বস্তা আলু সংরক্ষণ করা হয়েছিল। এর মধ্যে ৮৩ হাজার ৫০০ বস্তা খালাস হলেও এখনো ৫৫ হাজার ৬৭৪ বস্তা আলু হিমাগারেই রয়ে গেছে।
উৎপাদনে বাম্পার, বিপণনে বিপর্যয় ও কৃষি বিভাগের পরামর্শ
পাকুন্দিয়া উপজেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে, উপজেলায় প্রতিবছর গড়ে ১ হাজার ৩০০ হেক্টর জমিতে আলুর আবাদ হলেও গত অর্থবছরে ভালো দামের আশায় কৃষকরা ১ হাজার ৪৫০ হেক্টর জমিতে আলু চাষ করেছিলেন। অনুকূল আবহাওয়ায় প্রতি হেক্টরে প্রায় ৩০ টন করে বাম্পার ফলন হয়। কিন্তু সারা দেশে উৎপাদন বেড়ে যাওয়ায় বাজারে এই ভয়াবহ দরপতন ঘটেছে।
এ পরিস্থিতি থেকে উত্তরণে পাকুন্দিয়া উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ নূরে ই আলম কৃষকদের শস্য বহুমুখীকরণের পরামর্শ দিয়েছেন। তিনি বলেন, “একই ফসলের ওপর নির্ভরশীল না হয়ে রবি মৌসুমে আলুর পাশাপাশি সরিষা, গম, ভুট্টা, পেঁয়াজ ও শীতকালীন শাকসবজি চাষে গুরুত্ব দিতে হবে। এতে একটি ফসলে লোকসান হলেও অন্য ফসলের লাভ দিয়ে তা পুষিয়ে নেওয়া সম্ভব হবে।”
পাইকারি ও খুচরা বাজারের বৈষম্য এবং ভবিষ্যৎ শঙ্কা
এদিকে হিমাগার পর্যায়ে কৃষকরা ১০-১২ টাকা কেজি দরে আলু বিক্রি করতে বাধ্য হলেও জেলা শহরের সবচেয়ে বড় পাইকারি বাজার ‘বড় বাজারে’ তা ১৮ থেকে ২০ টাকা এবং খুচরা বাজারে ২৫ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।
সংশ্লিষ্টদের মতে, উৎপাদিত উদ্বৃত্ত আলু দেশের বাইরে রপ্তানির কার্যকর উদ্যোগ না নিলে এবং সঠিক বাজারজাতকরণ ব্যবস্থা গড়ে তুলতে না পারলে—আর্থিক ক্ষতির মুখে পড়ে অদূর ভবিষ্যতে পাট ও আখের মতো সম্ভাবনাময় এই ফসলের আবাদও আশঙ্কাজনক হারে কমে যেতে পারে।

